সিলেটে মায়ের হাতে দেড় বছরের শিশুকন্যা খুন
সিলেট সদর উপজেলায় মায়ের হাতে দেড় বছরের এক শিশুকন্যা খুনের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২২ মে) ভোরে উপজেলার জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা। সে ওই গ্রামের আমির আলী ও সুবিনা জান্নাত দম্পতির ছোট সন্তান। ঘটনার পর পুলিশ মা সুবিনা জান্নাতকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, আজ ভোরে আমির আলী ফজরের নামাজ পড়ার জন্য গ্রামের মসজিদে যান। যাওয়ার আগে তিনি স্ত্রী সুবিনাকে নামাজ পড়ার জন্য ডেকে তোলেন। স্বামী মসজিদে যাওয়ার পর সুবিনা তাঁর ছোট মেয়ে মাইমুনার হাত-পা বেঁধে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন। এ সময় তিনি তাঁর অপর সন্তানকেও হত্যার চেষ্টা চালান বলে জানা গেছে। তবে ওই শিশুটি ঘর থেকে দৌড়ে মসজিদে গিয়ে তার বাবাকে বিষয়টি জানায়।
স্থানীয় লোকজন জানান, সুবিনা জান্নাত দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
খবর পেয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিন সন্তানের মধ্যে মাইমুনা ছিল সবার ছোট। ভোরে বাবা নামাজে গেলে মা তাকে গলা কেটে হত্যা করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মাকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ডি আর ডি
মন্তব্য করুন: