সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত
সিলেট নগরের ক্বীনব্রিজ এলাকায় পুলিশের ধাওয়া খাওয়া এক ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র্যাবের এক সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত র্যাব সদস্যের নাম ইমন আচার্য। তিনি র্যাব-৯-এ কর্মরত ছিলেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসাদুল আলম বাপ্পি নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বাপ্পি ছিনতাই ও মাদকের একাধিক মামলার আসামি।
পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে কোতোয়ালি থানার টহল পুলিশের একটি দল ক্বীনব্রিজ এলাকায় কয়েকজন ছিনতাইকারী ও মাদকসেবীকে ধাওয়া করে। এ সময় তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেখানে সাধারণ পোশাকে থাকা র্যাব সদস্য ইমন আচার্য একজনকে জাপটে ধরেন। তখন ওই ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় ইমনকে উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ঘটনার সময় র্যাব সদস্য ইমন সাধারণ পোশাকে (সিভিল ড্রেস) ছিলেন। র্যাব সদস্যরা প্রায়ই ছদ্মবেশে বা সাধারণ পোশাকে দায়িত্ব পালন করেন। পুলিশ ছিনতাইকারীদের ধাওয়া দিলে ইমন একজনকে ধরে ফেলেন। তখনই ওই মাদকসেবী তাকে ছুরিকাঘাত করে।
সিলেট র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ধাওয়া করে ধরার পরপরই ছিনতাইকারী ধারালো ছুরি দিয়ে ইমনের বুকের বাঁ পাশে আঘাত করে। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, নিহত র্যাব সদস্যের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: