জৈন্তাপুরে গরু চরাতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু
সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখা গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে; তারা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন। শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে উপজেলার শিকারখা গ্রামের পাশ্ববর্তী ‘রাহুরখাল’ নামক খালে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলো— ওই গ্রামের কবির আহমেদের মেয়ে রাফা আক্তার মাঈশা (৫) এবং তার বড় ভাই সালেহ আহমেদের ছেলে মেহেদী হাসান মুন্না (৫)। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শিশু দুটির চাচা জাকারিয়া হাওরে গরু চরাতে যাওয়ার সময় মুন্না ও মাঈশাও তার পিছু নেয়; পরে তিনি তাদের বুঝিয়ে বাড়িতে রেখে যান, তবে পরিবারের সবার অজান্তে তারা কখন আবার বাড়ির পাশের ‘রাহুরখাল’ খালের পাড়ে চলে যায় তা কেউ টের পায়নি। এ বিষয়ে শিশু দুটির চাচা জাকারিয়া জানান, “দুপুরে গরু চরাতে যাওয়ার সময় আমার ভাতিজা-ভাতিজি আমার সঙ্গে যায়, পরে তাদের বাড়িতে রেখে আসি; হঠাৎ মানুষের চিৎকার শুনে খালের পাশে গিয়ে দেখি স্থানীয়দের সহায়তায় রাহুরখাল থেকে তাদের উদ্ধার করা হচ্ছে, পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এবং তারা কীভাবে আবার খালের কাছে গেল, আমরা কেউই জানি না।” ফতেহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “শিশু দুটি আমার দুই ভাতিজার ঘরের সন্তান, অকালেই ঝরে গেল তাদের দুটি প্রাণ এবং এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।” জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবর রহমান মোল্লা জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহত দুই শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে; প্রাথমিকভাবে পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” একসঙ্গে দুই শিশুর এমন করুণ ও অকাল মৃত্যুতে পুরো শিকারখা গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া এবং স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।
এ রহমান
মন্তব্য করুন: