গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর শাবলের আঘাতে ফাহমিদা আক্তার মোহনা (২৯) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে ছয়টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফাহমিদা আক্তার মোহনা স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম ছদরুলের (৩৫) স্ত্রী এবং ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ছদরুল পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ছদরুলের সঙ্গে স্ত্রী মোহনার বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে ছদরুল চরম ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি শাবল দিয়ে মোহনার মাথায় সজোরে আঘাত করেন। শাবলের আঘাতে মোহনা ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে গেলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাঁকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এবং ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী ছদরুল গা ঢাকা দিয়েছেন; তাঁকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার ভোরে সিলেট সদর উপজেলায় সুবিনা বেগম (২৫) নামের এক মা তাঁর দেড় বছর বয়সী কন্যাসন্তানকে গলা কেটে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই গোলাপগঞ্জে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।
এ রহমান
মন্তব্য করুন: