প্রস্তুত সিলেটের শাহী ঈদগাহ, পরিদর্শন করলেন সিসিক প্রশাসক

প্রস্তুত সিলেটের শাহী ঈদগাহ, পরিদর্শন করলেন সিসিক প্রশাসক

প্রথম ডেস্ক

২৭/০৫/২০২৬ ১৯:২২:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ। আজ বুধবার (২৭ মে) বিকেলে ঈদগাহের সর্বশেষ প্রস্তুতি কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি ঈদগাহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভৌত অবকাঠামো ব্যবস্থা ঘুরে দেখেন।


পরিদর্শনকালে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, শাহী ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক সিলেটবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। তিনি বলেন, শতাব্দী প্রাচীন এই শাহী ঈদগাহের ইতিহাস ও ঐতিহ্য সারা বিশ্বে সমাদৃত। প্রতি বছরের মতো এবারও যাতে সিলেটবাসী অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠের সংস্কার ও রংকরণসহ প্রয়োজনীয় সব কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।


আব্দুল কাইয়ুম চৌধুরী আরও জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে ঈদগাহে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ ও র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবেন।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিসিক প্রশাসক বলেন, ঈদুল আজহার কোরবানির পর মাত্র আট ঘণ্টার মধ্যে পুরো নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। দ্রুত বর্জ্য অপসারণের জন্য অতিরিক্ত জনবল নিয়োগ এবং পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা রাখা হয়েছে। ইতিমধ্যে কোরবানিদাতাদের তালিকা তৈরি করে সিসিকের পক্ষ থেকে পলিব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করবেন।


নির্দিষ্ট সময়ের মধ্যে নগরীকে পরিচ্ছন্ন করতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘জনগণের সচেতনতা এখানে সবচেয়ে জরুরি। সবাই যেন যত্রতত্র কোরবানির বর্জ্য না ফেলে নির্ধারিত পলিব্যাগে রেখে দেন, যাতে আমাদের কর্মীরা তা সহজেই সংগ্রহ করতে পারেন।’


ঈদগাহ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সহকারী মোতাওয়াল্লী বদরুজ্জামান সেলিম, সেক্রেটারি মো. কামাল মিয়া কামরান, র‍্যাব কর্মকর্তা সামসুজ্জোহা, পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) সকাল আটটায় শাহী ঈদগাহে সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বন্দরবাজার জামে মসজিদের ইমাম মাওলানা জুনেদ আহমদ আনসারী।

ডি আর ডি

মন্তব্য করুন: