সিলেটে এবার ভুল বুঝিয়ে ভবঘুরে শিশুকে ধর্ষণ: আটক ১

সিলেটে এবার ভুল বুঝিয়ে ভবঘুরে শিশুকে ধর্ষণ: আটক ১

প্রথম সিলেট প্রতিবেদন

০২/০৬/২০২৬ ১৮:৫৪:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে একের পর এক শিশু নির্যাতনের ঘটনায় জনমনে চরম উদ্বেগ সৃষ্টি হচ্ছে। জেলাজুড়ে আলোড়ন তোলা শিশু ফাহিমা ধর্ষণ ও বর্বরোচিত হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার সিলেট রেল স্টেশন এলাকার একটি পরিত্যক্ত ভবনে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২ জুন) ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে লোদন (৩৫) নামে এক মাদকসেবী যুবককে গ্রেফতার করেছে।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত লোদন রেল স্টেশন এলাকাতেই ভাসমান অবস্থায় থাকত। মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টার দিকে সে ১২ বছর বয়সী ওই ভবঘুরে শিশুটিকে ভুল বুঝিয়ে রেল স্টেশনের একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে নিয়ে যায়। সেখানে প্রথমে শিশুটিকে নেশাগ্রস্ত করা হয় এবং পরবর্তীতে ধর্ষণ করা হয়।


ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলে লোদনের হাতে অস্ত্র থাকায় তারা বাধা দিতে পারেননি। পরে তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে। পরবর্তীতে দক্ষিণ সুরমা থানা পুলিশ সকাল ৬টার দিকে কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে লোদনকে গ্রেফতার করে।


দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান প্রথম সিলেটকে জানান, "উদ্ধারকৃত শিশুটি ভবঘুরে এবং অভিযুক্ত ব্যক্তি একজন মাদকাসক্ত। শিশুর অভিযোগের ভিত্তিতে আমরা প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছি। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার সাথে জড়িত বাকিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত আছে।"


রেল স্টেশনের এই পাশবিক ঘটনাটি সিলেটবাসীকে নতুন করে স্তব্ধ করে দিয়েছে, কারণ মাত্র কিছুদিন আগেই সিলেটে শিশু ফাহিমাকে অত্যন্ত নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় জড়িত ঘাতককে গ্রেফতারের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা কর্মসূচি পালন করা হচ্ছিল। ফাহিমা হত্যার বিচারের দাবির মধ্যেই মাত্র কয়েকদিনের ব্যবধানে স্টেশন এলাকায় আরেকটি শিশুকে ধর্ষণের ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ভাসমান শিশুদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।


সিলেটের সর্বস্তরের মানুষ এখন ফাহিমা ও বর্তমান ভুক্তভোগী শিশুর মতো প্রতিটি ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি তুলেছেন।

তাহির আহমদ

মন্তব্য করুন: