ঢাকা বিমানবন্দরে সিলেটের এক প্রবাসীর সর্বস্ব ছিনতাই

দিশেহারা রেমিট্যান্স যোদ্ধা

ঢাকা বিমানবন্দরে সিলেটের এক প্রবাসীর সর্বস্ব ছিনতাই

সুলতান মোহাম্মদ, ঢাকা অফিস

০৩/০৬/২০২৬ ২২:২৯:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের অর্থনীতির প্রাণশক্তি রেমিট্যান্স যোদ্ধারা নিজ ভূমিতে কতটা নিরাপত্তাহীন, তার এক নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হলো আজ। ওমান থেকে দেশে ফেরার কয়েক মিনিটের মাথায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ধর্ষ ছিনতাইয়ের শিকার হয়েছেন সিলেটের মৌলভীবাজারের এক প্রবাসী। ছিনতাইকারী চক্র তার পাসপোর্ট, মানিব্যাগ ও নগদ টাকাসহ প্রয়োজনীয় সব নথি কেড়ে নিয়েছে।


ভুক্তভোগী প্রবাসীর নাম মো: লিমন। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সীবাজারের বাসিন্দা। দীর্ঘ প্রবাস জীবন শেষে আজ ০৩ জুন (বুধবার) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে ওমান থেকে একটি ফ্লাইটে তিনি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।


জানা গেছে, বিমানবন্দরের টার্মিনাল এলাকার বাইরে বের হওয়ার পরপরই এক সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের কবলে পড়েন তিনি। মুহূর্তের মধ্যে চক্রটি লিমনের কাছ থেকে তার মানিব্যাগ, পাসপোর্ট, অতি প্রয়োজনীয় কাগজপত্র এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। লিমনের চিৎকার শুনে উপস্থিত লোকজন এগিয়ে এলেও অপরাধীদের ধরা সম্ভব হয়নি।


বিমানবন্দর চত্বরেই এমন ন্যাক্কারজনক ঘটনার শিকার হয়ে বর্তমানে দিশেহারা অবস্থায় রয়েছেন মো: লিমন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।


সাধারণ মানুষ ও প্রবাসীদের দাবি, অনতিবিলম্বে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই নারী ছিনতাইকারী চক্রটিকে আইনের আওতায় আনতে হবে। লিমনের খোয়া যাওয়া পাসপোর্ট ও নথিপত্র দ্রুত উদ্ধার করে তার ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।


একটি দেশের ভাবমূর্তি নির্ভর করে তার বিমানবন্দরের শৃঙ্খলার ওপর। রেমিট্যান্স যোদ্ধাদের জানমালের নিরাপত্তা দিতে না পারলে তা দেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিমানবন্দর এলাকাকে দালাল ও ছিনতাইকারী মুক্ত করতে প্রশাসনের আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

তাহির আহমদ

মন্তব্য করুন: