কানাইঘাটে ভারতীয় চা পাতাসহ ৩ চোরাকারবারি আটক

কানাইঘাটে ভারতীয় চা পাতাসহ ৩ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি,কানাইঘাট

০৫/০৬/২০২৬ ২১:১৬:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কানাইঘাটে থানা পুলিশের এক বিশেষ অভিযানে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় চা পাতাসহ তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) ভোর পৌনে ৩টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ।


আটককৃত চোরাকারবারিরা হলেন—কানাইঘাট উপজেলার বাউরভাগ এলাকার ইনছান আলীর ছেলে শহীদ আহমদ (২২), জৈন্তাপুর উপজেলার মানিকপাড়া এলাকার ফরিদ আহমদের ছেলে ফয়ছল আহমদ (২০) এবং একই এলাকার মফুর আলীর ছেলে আল আমিন (২০)।


পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে কানাইঘাট থানা পুলিশের একটি দল বড়চতুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান করছিল। এ সময় সুরইঘাট থেকে আসা একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানকে থামার জন্য পুলিশ সিগন্যাল দেয়। কিন্তু পুলিশের গাড়ি দেখামাত্রই চালকসহ পিকআপে থাকা ব্যক্তিরা গাড়ি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে ওই তিনজনকে আটকে সমর্থ হয়।


পরবর্তীতে আটকে রাখা পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ২০টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৪০ কেজি করে মোট ৮০০ কেজি ভারতীয় চা পাতা পাওয়া যায়, যা সম্পূর্ণ অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে আনা হয়েছিল। জব্দকৃত এই চা পাতার বর্তমান বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।


কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম প্রথম সিলেটকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজই আইনি প্রক্রিয়া শেষে তাদের তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। সীমান্তের ওপার থেকে অবৈধ পণ্য আসা রোধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।




মীর্জা ইকবাল

মন্তব্য করুন: