জৈন্তাপুরে নিলামে বালু বিক্রির নিয়মাবলীসহ জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি
সিলেটের জৈন্তাপুরে নদী থেকে অবৈধভাবে উত্তোলন করে জব্দ করা ৪ লাখ ৮৭ হাজার ৭৬৩ ঘনফুট বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে। আজ রবিবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল সোমবার (৮ জুন) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই উন্মুক্ত নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হবে।
নিলাম বিজ্ঞপ্তিতে জানানো হয়, জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাউরবাগ গ্রামের (চাতলারপাড় ও ডুলিটিরপাড় এলাকা) নদীর পাড়ে স্তূপ আকারে রাখা এই বিপুল পরিমাণ বালু বা ভিট বালু জব্দ করা হয়েছিল।
নিলামে অংশ নেওয়ার জন্য আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কিছু শর্ত বেঁধে দিয়েছে প্রশাসন। শর্তানুযায়ী, নিলামে অংশ নেওয়ার পূর্বে আগামীকাল বিকেল সাড়ে ৩টার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুকূলে ১০ লাখ টাকা পে-অর্ডারের মাধ্যমে জামানত হিসেবে জমা দিতে হবে। নিলাম শেষ হওয়ার পর এই টাকা ফেরত বা সমন্বয় করা হবে।
এ ছাড়া নিলামে যিনি সর্বোচ্চ দরদাতা হবেন, তাঁকে আগামী দুই কার্যদিবসের মধ্যে বালুর সমূদয় অর্থ পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে জামানতের টাকা বাজেয়াপ্ত করে বালু পুনরায় নিলাম করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তির যেকোনো শর্ত বাতিল, সংযোজন বা বিয়োজনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
উন্মুক্ত নিলামের এই অনুলিপি ইতিমধ্যে সিলেটের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জসহ (ওসি) সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিংসহ বহুল প্রচারের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় এই উন্মুক্ত নিলামের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডি আর ডি
মন্তব্য করুন: