শিক্ষার্থীদের মানসম্মত খাবার ও সুশাসন নিশ্চিত করাই মূল লক্ষ্য: শাবিপ্রবি উপাচার্য

শিক্ষার্থীদের মানসম্মত খাবার ও সুশাসন নিশ্চিত করাই মূল লক্ষ্য: শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি

১০/০৬/২০২৬ ১৭:৩০:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের ছাত্র-জনতার বিজয়ের দিনই আমি ঘোষণা দিয়েছিলাম—প্রশাসনিক ব্যক্তি হিসেবে আমরা যে মানের খাবার গ্রহণ করব, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও হলের ডাইনিংয়ে সেই মানের খাবার পাবে। ইনশাআল্লাহ, আমাদের পরিকল্পনা রয়েছে শিক্ষার্থীরা যাতে আবাসিক হলে পুষ্টিকর ও ভালো মানের খাবার পায়, তা নিশ্চিত করা।


বুধবার (১০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সরকার প্রধানের সাধারণ জীবনযাপনের উদাহরণ টেনে উপাচার্য বলেন, "আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপন ও মিতব্যয়িতা নিয়ে আমরা প্রায়ই আলোচনা করি। তিনি অত্যন্ত সাধারণ ও স্বল্পমূল্যের খাবার খেয়ে দিনাতিপাত করছেন।"


বিশ্ববিদ্যালয় পরিচালনায় নিজের সুনির্দিষ্ট রূপরেখা রয়েছে উল্লেখ করে অধ্যাপক ড. খায়রুল ইসলাম আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেমন একটি সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন এবং তাঁর সেই পরিকল্পনার বিভিন্ন অংশে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে; ঠিক তেমনি এই বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগেই আমি একটি শিক্ষার্থীবান্ধব কর্মপরিকল্পনা তৈরি করেছি। কীভাবে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে, তা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।


বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশের উন্নয়ন প্রসঙ্গে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য কী কী পদক্ষেপ নিলে ক্যাম্পাসে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত হবে, তা আমি রূপরেখায় অন্তর্ভুক্ত করেছি। আমাকে আগেই বলা হয়েছিল একটি কার্যকর পরিকল্পনা প্রস্তুত করতে। এখন পর্যায়ক্রমে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই লক্ষ্য অর্জনে আমি বিশ্ববিদ্যালয়ের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।


বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এছাড়া সভায় স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক।

তানজুমা তাবাসসুম

মন্তব্য করুন: