সিলেটে হাম উপসর্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা, মোট প্রাণহানি ৬৮ জন
সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এই রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া চারজন এবং হামের উপসর্গ থাকা ৬৪ জন রয়েছেন। মৃতদের মধ্যে একজন নার্সও রয়েছেন।
সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম আজ বুধবার (১০ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন। সর্বশেষ মারা যাওয়া শিশুটির নাম মুনজেরিন (৫ মাস)। সে সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুল মালিকের মেয়ে।
স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের দৈনিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৬৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫৬ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় ২৫৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে চারজন মারা গেছেন। বাকি ৬৪ জন মারা গেছেন হামের তীব্র উপসর্গ নিয়ে।
চিকিৎসকেরা জানান, শিশুদের মধ্যে হামের লক্ষণ বা উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে। একই সঙ্গে সরকারি টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের হামের টিকা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
তানজুবা তাবাসসুম / এ আর
মন্তব্য করুন: