যে দুটি কারণে জকিগঞ্জকে ভালোবাসেন সিলেটের জেলা প্রশাসক

যে দুটি কারণে জকিগঞ্জকে ভালোবাসেন সিলেটের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১১/০৬/২০২৬ ২০:০৯:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বলেছেন, দুটি বিশেষ কারণে তিনি জকিগঞ্জকে সবচেয়ে বেশি ভালোবাসেন। একটি হলো, জকিগঞ্জ সিলেট জেলার সবচেয়ে দূরবর্তী উপজেলা; অন্যটি হলো, এটি ঐতিহ্যবাহী ও আলেম-উলামা অধ্যুষিত একটি পুণ্যভূমি।


বৃহস্পতিবার (১১ জুন) জকিগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ ও সরকারি কল্যাণমূলক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা প্রশাসক বলেন, “আমি মূলত দুটি কারণে জকিগঞ্জকে সবচেয়ে বেশি ভালোবাসি। প্রথমত, এটি সিলেট জেলার সবচেয়ে দূরবর্তী ভৌগোলিক এলাকা। দ্বিতীয়ত, এটি অত্যন্ত ঐতিহ্যবাহী এবং আলেম-উলামাদের পদচারণায় সমৃদ্ধ একটি জনপদ।”


দূরবর্তী অঞ্চলের প্রতি মানুষের আবেগের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, “যে মেয়েকে দূরে বিয়ে দেওয়া হয়, তার প্রতি পরিবারের মানুষের আলাদা টান ও মমতা কাজ করে। ঠিক তেমনি জকিগঞ্জের প্রতিও জেলা প্রশাসনের বিশেষ ভালোবাসা ও দায়িত্ববোধ রয়েছে।”


এ সময় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার আওতায় আনার প্রত্যয়ের কথা জানিয়ে তিনি বলেন, “আমরা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চাই। তাদের কর্মসংস্থান ও তথ্যপ্রযুক্তি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জকিগঞ্জের দুটি মাদ্রাসায় খুব শিগগিরই সরকারি উদ্যোগে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে।”


জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে আর্থিক সহায়তা, যুব ঋণ, ঢেউটিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়।


উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে ১৮টি হুইলচেয়ার এবং অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।


উপজেলা যুব উন্নয়ন কার্যালয় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবকদের মাঝে ১ লাখ ৫০ হাজার টাকার ঋণ বিতরণ করে।


এ ছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের পুনর্বাসনের জন্য ২ লাখ ৪০ হাজার টাকা এবং ৩৩ জন দরিদ্র ব্যক্তির মাঝে ৩৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আহাদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন।


সুধী সমাবেশে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং সর্বস্তরের সুধীজন উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিবন্ধী শিশু ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।

মোর্শেদ লস্কর / তানজুবা তাবাসসুম

মন্তব্য করুন: