এইচএসসি পরীক্ষার ১ম দিনে গোয়াইনঘাটে অনুপস্থিত ১৭ পরীক্ষার্থী
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষায় উপজেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে মোট ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে প্রথম দিনে কোনো পরীক্ষার্থী বহিষ্কার বা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উপজেলার ২টি প্রধান পরীক্ষা কেন্দ্র ও সংশ্লিষ্ট ভেন্যুতে একযোগে পরীক্ষা গ্রহণ শুরু হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় গোয়াইনঘাট উপজেলার কেন্দ্রগুলো থেকে সর্বমোট ৭৭৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় মোট ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অবশিষ্ট ৭৫৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালীন গোয়াইনঘাটের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও হলরুম আকস্মিক পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী। তিনি বিভিন্ন কেন্দ্রের হলরুম ঘুরে দেখার পাশাপাশি পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে ইউএনও রতন কুমার অধিকারী সাংবাদিকদের বলেন, "উপজেলায় অত্যন্ত সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রশাসন সম্পূর্ণ তৎপর রয়েছে। কেন্দ্র এবং এর আশপাশের ৪০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আশপাশের সকল প্রকার কোচিং সেন্টার ও ফটোকপির দোকান বন্ধ রাখার নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।" পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সরেজমিনে দেখা গেছে, প্রথম দিনের পরীক্ষা চলাকালীন কেন্দ্র ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। জরুরি পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রগুলোতে বিশেষ তদারকির ব্যবস্থা রেখেছে উপজেলা প্রশাসন।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: