সৌদিতে নিহত কোম্পানীগঞ্জের দুই প্রবাসীর মরদেহ দেশে আসছে শুক্রবার
সৌদি আরবে কর্মস্থলে দুর্ঘটনায় নিহত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ অবশেষে দেশে ফিরছে।
১৭ জুলাই (শুক্রবার) বিকেল ৪টায় মরদেহ দুটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সম্পূর্ণ সরকারি খরচে তাদের মরদেহ দেশে আনা হচ্ছে।
নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে জয় আহমদ (২৩) এবং দলইরগাঁও গ্রামের আব্দুল হাফিজের ছেলে মোতাহের হোসেন (৩৭)। গত ৫ জুলাই সৌদি আরবের রাজধানী রিয়াদের দিরা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর থেকেই নিহতদের স্বজনরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছিলেন। পরে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উদ্যোগে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে সম্পূর্ণ সরকারি ব্যয়ে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল বলেন, “দুই প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আমরা শুরু থেকেই সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রেখেছি। মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর আন্তরিক সহযোগিতায় সম্পূর্ণ সরকারি খরচে মরদেহ দেশে আনার ব্যবস্থা হয়েছে। বাড়ি পর্যন্ত সরকারি খরচে মরদেহ পৌঁছিয়ে দেওয়া হবে।এতে শোকসন্তপ্ত পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পেয়েছে।”
নিহতদের স্বজনরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনদের মরদেহ দেশে ফিরছে—এটাই এখন তাদের একমাত্র সান্ত্বনা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হবে। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
স্থানীয় সূত্র জানায়, মরদেহ দেশে ফেরার খবরে পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ দুই গ্রামের মানুষ শেষবারের মতো প্রিয়জনদের দেখতে অপেক্ষা করছেন।
সোহেল রানা/ নীরব
মন্তব্য করুন: