সিলেটে বাঁশ-বেতজাত পণ্যের ডিজাইন ও মানোন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত ‘বাঁশ-বেতজাত পণ্যের ডিজাইন ও মানোন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি ঘটেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাপনী পর্বে অতিথি ও উদ্যোক্তাদের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
কর্মশালার শুরু থেকে শেষ পর্যন্ত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মাজহার। উদ্বোধনী অধিবেশন থেকে শুরু করে সমাপনী দিন পর্যন্ত বাঁশ-বেতশিল্পের আধুনিক রূপদান, আন্তর্জাতিক মান বজায় রেখে আকর্ষণীয় ডিজাইন তৈরি এবং বাজারজাতকরণের নানা কৌশলের ওপর তিনি বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক সাইমা সুলতানা চৌধুরী এবং শাহানা চৌধুরী।
সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা জানান, নারী উদ্যোক্তাদের দক্ষ করে গড়ে তুলতে এবং দেশীয় ঐতিহ্যবাহী শিল্পের বিকাশ ঘটাতে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে। শেষে তিনি প্রশিক্ষণার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও ব্যবসায়িক সাফল্য কামনা করেন।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: