সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস, গরু, মহিষ, চকলেট, কম্বল, জিরা, দুধ, বাসমতি চাল, বাটার, বিস্কুট, ট্যাং, মোটরসাইকেল, রসুনসহ প্রায় ৪৬ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শুক্রবার (২৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় তামাবিল, বিছনাকান্দি, লাফার্জ, সোনারহাট, সেনালীচেলা, পান্থুমাই, সংগ্রাম ও প্রতাপপুর বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে এসব মালামাল আটক করা হয়।
এছাড়া অবৈধভাবে বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকাও আটক করা হয়েছে। আটক করা সব চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৩৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার
মন্তব্য করুন: