১২ লাখ টাকার লোভ: ভূমধ্যসাগরে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক

১২ লাখ টাকার লোভ: ভূমধ্যসাগরে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৭/১১/২০২৬ ১০:৫০:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

উন্নত জীবনের সোনালী স্বপ্নের হাতছানি কেড়ে নিয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয়টি তরতাজা প্রাণকে—এমন আশঙ্কায় বুক ফেটে কান্না আসছে তাদের স্বজনদের। লিবিয়া থেকে প্লাস্টিকের একটি ভঙ্গুর নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন এই যুবকেরা। যাত্রা শুরুর ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো খোঁজ না মেলায় পরিবারগুলোতে চলছে শোকের মাতম।

তবে অলৌকিকভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা দলেরই এক সদস্য মাসুম মিয়ার বর্ণনায় উঠে এসেছে সেই রাতের এক ভয়ংকর ও লোমহর্ষক অভিজ্ঞতা।

​স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার প্রলোভনে পড়ে ইউরোপের উন্নত জীবনের আশায় লিবিয়ায় পাড়ি জমান এলাকার যুবকেরা। দালালের মাধ্যমে জনপ্রতি ১২ থেকে ১৫ লাখ টাকার বিনিময়ে চুক্তি হয় তাদের।

​গত ৩১ অক্টোবর লিবিয়ার উপকূল থেকে প্রায় ৬০ জন যাত্রীকে নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্যে রওনা হয় একটি ঝুঁকিপূর্ণ প্লাস্টিকের নৌকা। এই দলে ছিলেন হবিগঞ্জের মাধবপুর ও লাখাই উপজেলার মোট সাত যুবক। তারা হলেন—মাসুম মিয়া, পাবেল মিয়া, আতাউর মিয়া, আলমগীর মিয়া, নাঈম মিয়া, সাগর মিয়া এবং আবুল মিয়া।

ভাগ্যক্রমে বেঁচে যাওয়া পুরাইকলা গ্রামের মাসুম মিয়া গ্রিসে পৌঁছানোর পর পরিবারের কাছে ভয়ংকর সেই রাতের বর্ণনা দেন। তিনি জানান, সাগরের মাঝপথে হঠাৎ করেই তাদের বহনকারী প্লাস্টিকের নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। মুহূর্তের মধ্যে নৌকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা একে একে উত্তাল সাগরের পানিতে পড়ে যান।

​মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর দুই দিন কেটে যায়। এরপর সম্পূর্ণ অচেতন অবস্থায় সাগরের একটি তীরে ভেসে ওঠেন মাসুম। জ্ঞান ফেরার পর তিনি দেখেন চারধারে শুধু শূন্যতা আর নীরবতা। দীর্ঘ তিন ঘণ্টা হেঁটে একটি বাড়ি খুঁজে পান তিনি। স্থানীয়দের সহায়তায় শেষ পর্যন্ত তিনি গ্রিসে পৌঁছাতে সক্ষম হলেও সঙ্গে থাকা বাকিদের আর কোনো খোঁজ পাননি।

মাসুমের এই বর্ণনার পর থেকেই নিখোঁজ ছয় যুবকের পরিবারে নেমে এসেছে গভীর অন্ধকার ও আতঙ্ক। তারা বেঁচে আছেন, নাকি সাগরে তলিয়ে চিরতরে হারিয়ে গেছেন—এই প্রশ্ন এখন প্রতিটি স্বজনের চোখের জল আর দীর্ঘশ্বাসে রূপ নিয়েছে। গত ১৫ দিন ধরে নিখোঁজ স্বজনদের কোনো সন্ধান না পেয়ে পাগলপ্রায় অবস্থা পরিবারের সদস্যদের।

​দালাল হাফিজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এ ব্যাপারে কিছুই জানি না। তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।”

ঘটনার বিষয়ে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ইউপি সদস্য নিজাম আহমেদ জানান, প্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমেই যুবকেরা গ্রিসের উদ্দেশে রওনা হয়েছিলেন। একজনের খোঁজ মিললেও বাকি ছয়জনের নিখোঁজ থাকার বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক এবং পরিবারগুলো চরম উৎকণ্ঠায় রয়েছে।

​এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


রাজীব দেব রায় রাজু /রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad