দারিদ্র্য জয় করে শ্রীমঙ্গলের চা-বাগান থেকে বিশ্ববিদ্যালয়ে অন্তরা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট চা-বাগানের ছোট্ট একটি ঘর থেকে উঠে এসে অদম্য ইচ্ছাশক্তি ও মেধার অনন্য নজির গড়েছেন অন্তরা তাঁতী। বাবার দৈনিক মাত্র ১৮৭ টাকা মজুরির অভাবের সংসারে বেড়ে উঠেও বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন তিনি। সব প্রতিকূলতা জয় করে বর্তমানে চট্টগ্রামের ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’-এ উচ্চশিক্ষা গ্রহণ করছেন চা-বাগানের এই মেধাবী তরুণী।
অন্তরার বাবা একজন সাধারণ চা-শ্রমিক। তাঁর সামান্য আয়ে পাঁচ সদস্যের সংসার চালানোর পর সন্তানদের পড়াশোনার খরচ জোগানো ছিল প্রায় অসম্ভব। অভাবের কারণে অন্তরার জন্য আলাদা গাইড বই কেনা কিংবা প্রাইভেট-কোচিং করার কোনো সুযোগ ছিল না। তবে দারিদ্র্য তাঁর অদম্য স্পৃহাকে দমাতে পারেনি। সহপাঠীদের কাছ থেকে বই ও নোট ধার করে এবং বাড়িতে স্মার্টফোন না থাকায় আত্মীয়ের ফোনে ইউটিউবে ক্লাস দেখে নিজের প্রস্তুতি চালিয়ে গেছেন তিনি।
অন্তরার এই কঠিন জীবনসংগ্রামে আলোর দিশা হয়ে আসে প্রথম আলো ট্রাস্ট ও আইডিএলসির ‘অদ্বিতীয়া’ শিক্ষাবৃত্তি। এই বৃত্তির সহায়তায় আর্থিক দুশ্চিন্তা কাটিয়ে আজ উচ্চশিক্ষার আঙিনায় পা রেখেছেন তিনি।
অভাব অন্তরার স্বপ্ন কেড়ে নিতে পারেনি, বরং শিখিয়েছে কীভাবে প্রতিকূলতার সঙ্গে লড়াই করে সামনে এগোতে হয়। অন্তরার এখন একটাই স্বপ্ন—উচ্চশিক্ষা শেষ করে নিজেকে প্রতিষ্ঠিত করা, বাবার হাড়ভাঙা খাটুনির কষ্ট দূর করা এবং ছোট দুই বোনের পড়াশোনার দায়িত্ব নেওয়া। চা-বাগানের গণ্ডি পেরিয়ে অন্তরার এই জীবনজয়ের গল্প সমাজের হাজারো সংগ্রামী মেয়ের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।
তাহির আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: