জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ মন্তব্য করার অভিযোগে সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগ আমলে নিয়ে পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বাদী আইনজীবী রিদওয়ান হোসেন রবিনের জবানবন্দি গ্রহণ করে এ নির্দেশ দেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশের প্রায় ৯১ দশমিক ৪ শতাংশ মানুষ মুসলিম এবং ধর্মীয় বিশ্বাস তাদের কাছে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহর কোনো আকৃতি নেই এবং তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মুসলমানরা রোজা রাখেন। অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীরা দেবদেবীর আকৃতি নির্ধারণ করে পূজা-অর্চনা করেন। ফলে রোজা ও পূজাকে একই মুদ্রার দুই পিঠ হিসেবে তুলনা করা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে—অভিযোগে এমনটাই উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, কিছুদিন আগে শিশির মনির DSN নামের একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইচ্ছাকৃতভাবে ‘রোজা এবং পূজা একই মুদ্রার এপিঠ–ওপিঠ’ মন্তব্য করেন। পরে সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা মুসলিম জনসাধারণের মধ্যে ধর্মীয় উদ্বেগ, উত্তেজনা এবং বিশৃঙ্খলার জন্ম দেয়।
বাদীর দাবি, অভিযুক্ত রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে এমন বক্তব্য দিয়েছেন, যা দেশের ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে পারে। এ জন্য তাঁর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।
আদালত মামলা গ্রহণ করে ডিবিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: