২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। বিএনপির পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হবে।
তিনি জানান, দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা এই প্রত্যাবর্তনকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে দীর্ঘদিন তিনি সেখানেই অবস্থান করছিলেন।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তারেক রহমানের বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার সাজার রায় বাতিল হয় এবং কয়েকটি মামলায় তিনি আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এরপর থেকেই তার দেশে ফেরার আলোচনা জোরালো হয়।
গত কয়েক মাস ধরেই বিএনপি নেতারা তারেক রহমানের শিগগির দেশে ফেরার কথা বললেও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সে সময় লন্ডন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান দেশে ফেরার আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেন।
পরবর্তীতে সরকারের বিভিন্ন পর্যায় থেকে জানানো হয়, তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনি বা প্রশাসনিক বাধা নেই। এসব প্রেক্ষাপটের মধ্যেই তার প্রত্যাবর্তনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করল বিএনপি।
এ রহমান
মন্তব্য করুন: