ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৫জুলাই) উপজেলার কুরুয়া বাজার এলাকায় এনা (ঢাকা মেট্রো ব ১৫-২২৭৫) ও ইউনিক পরিবহণ ( ঢাকা মেট্রো ব ১৫-১৮৬১) বাসের মুখোমুখি সংঘর্ষকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের জাফর শেখের ছেলে। তিনি ইউনিক বাসের হেলপার ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় দুই বাসের চালকসহ আরো ১০ জন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহন ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাস দুটি কুরুয়া এলাকায় আসা মাত্র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সংঘর্ষকালে বিকট শব্দে স্থানীয়রা দৌড়ে আসেন। এরপর স্থানীয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, হাইওয়ে পুলিশ রাজুর মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: