শাবিপ্রবিতে শিক্ষার্থীদের যাতায়াতে চালু হলো বৈদ্যুতিক শাটল সার্ভিস
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ক্যাম্পাসের অভ্যন্তরে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বৈদ্যুতিক শাটল গাড়ি সেবা। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মাউন্ট এডোরা হাসপাতালের সৌজন্যে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। তিনি বলেন, "শিক্ষার্থীদের নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই বৈদ্যুতিক গাড়ি বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।" ভবিষ্যতে আরও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদেরও এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আ. ফ. ম. জাকারিয়া জানান, আপাতত গাড়িটি প্রধান ফটক থেকে 'চেতনা-৭১' এলাকা পর্যন্ত চলাচল করবে। ক্যাম্পাসের ভেতরে যেকোনো দূরত্বে যাতায়াতের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫ টাকা। আপাতত ক্যাম্পাস খোলা থাকার দিনগুলোতে এই সেবা পাওয়া যাবে।
পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে, আগামী মাসের মধ্যে আরও দুটি বৈদ্যুতিক গাড়ি এই বহরে যুক্ত হবে। নতুন গাড়িগুলো এলে শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতেও যাতায়াত শুরু হবে। এছাড়া ছুটির দিনগুলোতে শাটল সার্ভিস চালু রাখা হবে কি না, সে বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, মাউন্ট এডোরা হসপিটাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কে. এম. আখতারুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ আলমগীর সাফওয়াতসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
এ রহমান
মন্তব্য করুন: