কানাইঘাটে ১৯ বিজিবির অভিযান: ৪৮টি পাওয়ার জেল, ডেটোনেটর ও ফিউজ উদ্ধার

কানাইঘাটে ১৯ বিজিবির অভিযান: ৪৮টি পাওয়ার জেল, ডেটোনেটর ও ফিউজ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,কানাইঘাট

১৪/১১/২০২৬ ২০:০৯:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক পাওয়ার জেল, ডেটোনেটর ও ফিউজ উদ্ধার করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার নুনছড়া চা বাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৪৮টি হাই পাওয়ার ইমালসন এক্সপ্লোসিভ (পাওয়ার জেল), ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ১১টি নন-ইলেকট্রিক ফিউজ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা অন্ধকারের সুযোগ নিয়ে চা বাগানের গভীরে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শনিবার দুপুরে বিজিবির পক্ষ থেকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ রোধে সিলেট সেক্টরজুড়ে কঠোর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান চলছে। সদর দপ্তরের সুনির্দিষ্ট নির্দেশনার আলোকেই নুনছড়া চা বাগানের দুর্গম এলাকায় এই সফল অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধারকৃত বিস্ফোরকগুলোর মধ্যে রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন ‘High Power Emulsion Explosives’ পাওয়ার জেল, যা মূলত ডেটোনেটর ও ফিউজের সহায়তায় বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহৃত হয়।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, সিলেট সেক্টরের আওতাধীন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে ৫৬টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক তৎপরতা চলছে। বর্তমানে সেখানে ১ হাজার ২০০ জনেরও বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি নিয়মিত টহলের পাশাপাশি প্রতি রাতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সম্ভাব্য অনুপ্রবেশের রুটগুলো চিহ্নিত করে ইতোমধ্যে ৪০টি চেকপোস্ট কার্যকর করা হয়েছে।

পাশাপাশি সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস এবং সোলারচালিত সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ড্রোনের মাধ্যমেও সার্বক্ষণিক আকাশপথে নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।

সাম্প্রতিক অপারেশনাল সফলতার কথা তুলে ধরে ব্রিফিংয়ে জানানো হয়, সিলেট সেক্টরে ইতিপূর্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৮ কেজি বিস্ফোরক পাওয়ার জেল, ১৭০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়েছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৫৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রচেষ্টার ১২০ জনকে সফলভাবে প্রতিহত করা হয়েছে।

সীমান্তের অখণ্ডতা রক্ষা, চোরাচালান ও বিস্ফোরক অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ধরনের অপরাধ দমনে গণমাধ্যমকর্মীসহ স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে সীমান্তরক্ষী বাহিনী।

সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad