ওসমানীনগরে ডিবি পুলিশ পরিচয়ে মহিষ ছিনতাইয়ের চেষ্টা, আটক ৬
Led Bottom Ad

ওসমানীনগরে ডিবি পুলিশ পরিচয়ে মহিষ ছিনতাইয়ের চেষ্টা, আটক ৬

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

০২/০২/২০২৬ ০২:১৪:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ডিবি পুলিশ পরিচয়ে মহিষবোঝাই একটি পিকআপ ছিনতাই চেষ্টার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের হামলায় পিকআপের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

​আটককৃতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন— সিলেট নগরীর শাহপরাণ থানার টিটন কুমার মল্লিক (৪৩) ও জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার আব্দুর রশিদ (৫২)। বাকি চারজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ। অভিযানে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর থেকে দুটি মহিষ নিয়ে একটি পিকআপ নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। ব্রাহ্মণশাসন এলাকায় পৌঁছালে একটি নোহা গাড়ি নিয়ে আসা ছয় ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে পিকআপটির গতিরোধ করে। এরপর তাঁরা চালক ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে পিকআপটি ছিনতাইয়ের চেষ্টা চালায়।

​এ সময় চালক ও হেলপারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। ভুয়া ডিবি সদস্যদের আচরণে স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা ধাওয়া দিয়ে দুজনকে আটকে ফেলেন। বাকি চারজন পালিয়ে গেলেও পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করতে সক্ষম হয়। আহত চালক ও হেলপারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মহাসড়কে চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশি টহল জোরদার করা হয়েছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad