প্রথম সিলেট সম্পাদকের শোক
হৃদরোগে সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমনের মৃত্যু
নিউজ পোর্টাল ‘প্রথম সিলেট ডটকম’-এর প্রধান সম্পাদক ও এটিএন বাংলার সাবেক যুক্তরাজ্য প্রতিনিধি কায়ছারুল ইসলাম সুমন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কায়ছারুল ইসলাম সুমন বড়লেখা উপজেলার মহুদিকোনা গ্রামের মরহুম নজমুল ইসলামের ছেলে এবং বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুনের ছোট ভাই। তিনি দীর্ঘদিন পরিবারসহ যুক্তরাজ্যে বসবাস করছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গত ১৮ জানুয়ারি তিনি পরিবারসহ দেশে আসেন। মঙ্গলবার স্ত্রী ও পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে বিদায় জানানোর পর তিনি গ্রামের বাড়ি বড়লেখার উদ্দেশ্যে রওয়ানা দেন।
মঙ্গলবার রাতে বড়লেখার দরগাহ বাজারের মাস্টার বাড়িতে নিজ বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মরহুমের জানাজার নামাজ বুধবার বাদ আসর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।
এদিকে কায়ছারুল ইসলাম সুমনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ‘প্রথম সিলেট ডটকম’-এর সম্পাদক দেবব্রত রায় দিপন। এক শোকবার্তায় তিনি বলেন, সুমনের কর্মময় জীবন তাকে মানুষের মাঝে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে। একজন নির্ভীক ও স্পষ্টভাষী মানুষের মৃত্যু সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার আত্মার শান্তি কামনা করেন।
ডি আর ডি
মন্তব্য করুন: