মহাসড়ক অবরোধ
সিলেটে দুই কিশোরের বিরোধে মধ্যরাতে পাঁচ গ্রাম রণক্ষেত্র: আহত ১৫
সিলেট নগরীর তেমুখী এলাকায় দুই কিশোরের কথা কাটাকাটিকে কেন্দ্র করে মধ্যরাতে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় চলা এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই সংঘাতের জেরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জালালাবাদ থানাধীন তেমুখী মোড় এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তেমুখী এলাকার পার্শ্ববর্তী কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের দুই কিশোরের মধ্যে তর্কের জেরে উত্তেজনার সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে খবরটি গ্রামগুলোতে ছড়িয়ে পড়লে কুমারগাঁওয়ের পক্ষে নাজিরেরগাঁও এবং সাহেবেরগাঁওয়ের পক্ষে ছড়ারগাঁও ও কালিরগাঁও গ্রামের কয়েকশ মানুষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষ চলাকালে এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। নিরাপত্তার খাতিরে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও জালালাবাদ থানা পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধাওয়া ও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। রাত ১টার দিকে যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে পুনরায় যান চলাচল শুরু হয়।
স্থানীয়রা জানান, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। শুরুতে রাজনৈতিক সংঘাতের গুঞ্জন ছড়ালেও তদন্তে তেমন কোনো প্রমাণ মেলেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।”
এ রহমান
মন্তব্য করুন: