লন্ডনগামী যাত্রীদের বোর্ডিং পাস জটিলতা: সিলেটে চরম ভোগান্তিতে প্রবাসীরা
Led Bottom Ad

লন্ডনগামী যাত্রীদের বোর্ডিং পাস জটিলতা: সিলেটে চরম ভোগান্তিতে প্রবাসীরা

প্রথম সিলেট প্রতিবেদন

০৫/০২/২০২৬ ১১:০৭:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​বৈধ ভিসা, নিশ্চিত টিকিট এবং প্রয়োজনীয় সব কাগজপত্র থাকার পরও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী অন্তত অর্ধশত যাত্রী বোর্ডিং পাস না পেয়ে ফিরে গেছেন। গত এক সপ্তাহ ধরে চলা এই আকস্মিক জটিলতায় আর্থিক ও মানসিকভাবে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও অনেক যাত্রী একই সমস্যার সম্মুখীন হচ্ছেন।

​ভুক্তভোগী যাত্রীরা জানান, চেক-ইন কাউন্টারে গেলেই এয়ারলাইন্সের কম্পিউটার স্ক্রিনে ‘চেক-ইন রেসট্রিকটেড, কনট্রাক্ট ইউকে বর্ডার ফোর্স’ (CHECK-IN RESTRICTED, CONTACT UK BORDER FORCE) লেখা একটি বার্তা আসছে। এই বার্তার কারণে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বোর্ডিং পাস ইস্যু করতে পারছে না। ফলে ফ্লাইটের সময় হয়ে গেলেও অনেক যাত্রীকে ব্যাগপত্র নিয়ে বিমানবন্দর থেকেই ফিরে যেতে হচ্ছে।

​সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ জানান, এটি বিমানবন্দর বা কোনো এয়ারলাইন্সের অভ্যন্তরীণ সমস্যা নয়। মূলত যুক্তরাজ্যের ইমিগ্রেশন সিস্টেমের ডিজিটাল রূপান্তর বা ই-ভিসা (eVisa) প্রক্রিয়ায় পরিবর্তনের কারণে এই কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য সরকার বর্তমানে শারীরিক ভিসা ডকুমেন্ট (BRP কার্ড) বাতিল করে সম্পূর্ণ ডিজিটাল ই-ভিসা ব্যবস্থা কার্যকর করছে। অনেক প্রবাসী তাঁদের বিআরপি থেকে ই-ভিসায় রূপান্তর করলেও নতুন পাসপোর্টের তথ্য ইউকেভিআই (UKVI) অ্যাকাউন্টে সময়মতো আপডেট করেননি। ফলে এয়ারলাইন্স যখন ‘ইন্টারঅ্যাকটিভ অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন’ (IAPI) সিস্টেমের মাধ্যমে তথ্য যাচাই করছে, তখন সার্ভারে অসংগতি দেখা দিচ্ছে।

​বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট স্টেশন ম্যানেজার জানান, যুক্তরাজ্যগামী যাত্রীদের ফ্লাইটের অন্তত ৪৮ ঘণ্টা আগে তাঁদের ইউকেভিআই অ্যাকাউন্টে পাসপোর্টের সঠিক তথ্য আপডেট করা নিশ্চিত করতে হবে। অনেক যাত্রী এই নিয়ম সম্পর্কে অবগত না হওয়ায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

​বিমানবন্দর কর্তৃপক্ষ ভুক্তভোগী যাত্রীদের জরুরি ভিত্তিতে ব্রিটিশ হোম অফিসে যোগাযোগ করার এবং তাঁদের অনলাইন ইমিগ্রেশন স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানে লন্ডনের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানানো হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad