ত্রয়োদশ নির্বাচনে ইইউর নজরে তিন বিষয়
Led Bottom Ad

সিলেটে ইইউ পর্যবেক্ষণ মিশন প্রধান

ত্রয়োদশ নির্বাচনে ইইউর নজরে তিন বিষয়

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/০২/২০২৬ ১১:১৪:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে তিনটি প্রধান বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিষয়গুলো হলো—নিরাপত্তা, নির্বাচনের অংশগ্রহণমূলক প্রকৃতি এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে এসব তথ্য জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস। এর আগে বিকেলে তিনি সিলেট প্রেস ক্লাবেও সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।

ইভারস আইজাবস বলেন, “আমরা এই নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছি। আমাদের পর্যবেক্ষণে তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে: নাগরিকরা কতটা নির্ভয়ে ভোট দিতে পারছেন, নারী ও সংখ্যালঘুসহ সবার অন্তর্ভুক্তি কেমন হচ্ছে এবং প্রার্থীরা সমান সুযোগ পাচ্ছেন কি না।”

তিনি স্পষ্ট করেন যে, ইইউ মিশনের কাজ কেবল পর্যবেক্ষণ করা, কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি অংশ নেওয়া বা হস্তক্ষেপ করা নয়। তিনি বলেন, “নির্বাচন আয়োজন করা বাংলাদেশের নাগরিকদের কাজ। আমরা কোনো দলের নিয়ম লঙ্ঘন বা অন্য কোনো রাজনৈতিক বিষয়ে মন্তব্য করব না।”

মাঠে নামছেন আরও ৯০ পর্যবেক্ষক:

ইভারস আইজাবস জানান, এক মাস আগে আনুষ্ঠানিকভাবে এই মিশনের কাজ শুরু হয়েছে। বর্তমানে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক (এলটিও) সারা দেশে ছড়িয়ে আছেন। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ইউরোপ থেকে আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক এই মিশনে যোগ দেবেন। সব মিলিয়ে সুইজারল্যান্ড, নরওয়ে ও কানাডার পর্যবেক্ষকসহ বিশাল একটি প্রতিনিধি দল মাঠপর্যায়ে কাজ করবে।

১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন:

নির্বাচন পরবর্তী পরিস্থিতির ওপর আলোকপাত করে ইইউ পার্লামেন্টের এই সদস্য বলেন, “আমরা নির্বাচনের পরপরই ১৪ ফেব্রুয়ারি ঢাকায় আনুষ্ঠানিকভাবে আমাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করব। আর এর দুই মাস পর পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হবে।”

জলবায়ু পরিবর্তন ও সবুজ শক্তি খাতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়নের অন্যতম অগ্রাধিকার হলো বিশ্বজুড়ে নির্ভরযোগ্য গণতান্ত্রিক অংশীদার খুঁজে পাওয়া। সেই সম্পর্কের ক্ষেত্রে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি।”

সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে ইইউ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad