সিলেটে আজ জামায়াতের জনসভা: ‘দাদু’ শফিকুর রহমানকে নিয়ে ব্যাপক কৌতুহল
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার সিলেটে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিকেলে নগরের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। জামায়াত আমিরের এই সফরকে কেন্দ্র করে সিলেট নগরের মোড়ে মোড়ে টাঙানো হয়েছে বিচিত্র সব ব্যানার ও ফেস্টুন, যা স্থানীয়দের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
সবচেয়ে বেশি নজর কাড়ছে ‘দাদু ইজ কামিং, আওয়ার নেক্সট প্রাইম মিনিস্টার ইনশাআল্লাহ’ লেখা সংবলিত ব্যানারগুলো। শফিকুর রহমানকে ভালোবেসে দলীয় কর্মী-সমর্থকরা ‘দাদু’ বলে সম্বোধন করে থাকেন। সেই আদুরে ডাক ও তাঁকে ‘আগামী প্রধানমন্ত্রী’ হিসেবে ঘোষণা দিয়ে টাঙানো এসব ব্যানার নিয়ে নগরজুড়ে চলছে নানা বিশ্লেষণ।
দলীয় সূত্র জানায়, জামায়াত আমির হেলিকপ্টারযোগে সরাসরি সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। সিলেটে আসার আগে তিনি সকালে হবিগঞ্জে এবং এরপর মৌলভীবাজারের কুলাউড়ায় জনসভায় যোগ দেবেন। বিকেল ৩টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠের জনসভায় তিনি সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।
সরেজমিনে দেখা গেছে, জনসভাকে কেন্দ্র করে আলিয়া মাদরাসা মাঠকে বালু ও পানি দিয়ে প্রস্তুত করা হয়েছে। জামায়াতের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে সাজ সাজ রব। সিলেট মহানগর জামায়াতের নেতারা দাবি করছেন, আজকের এই জনসভা হবে এ যাবৎকালের অন্যতম বড় রাজনৈতিক জমায়েত।
এদিকে জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে প্রশাসন। গতকাল শুক্রবার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সমাবেশস্থল পরিদর্শন করেন। তিনি জানান, জনসভা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পোশাকে এবং সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর এমন সুসংগঠিত অবস্থান এবং আমিরের নিজ জন্মস্থান সিলেটে এই বড় মাপের শো-ডাউন বিশেষ গুরুত্ব বহন করছে।
এ রহমান
মন্তব্য করুন: