সিলেট-৬ আসনে বিভেদ ভুলে এমরানের পক্ষে একাট্টা বিএনপি
Led Bottom Ad

সিলেট-৬ আসনে বিভেদ ভুলে এমরানের পক্ষে একাট্টা বিএনপি

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/০২/২০২৬ ১১:২০:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বৈরিতা ও বিভক্তি কাটিয়ে নির্বাচনি বৈতরণী পার হতে ঐক্যবদ্ধ হয়েছে বিএনপি। দলটির তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, এক সময় যে বিভেদ প্রতিপক্ষের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছিল, ধানের শীষের প্রশ্নে এখন তা অতীত। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের সব মান-অভিমান ভুলে এমরান আহমদ চৌধুরীর হাত ধরে এই আসনটিকে আবারও জাতীয়তাবাদের দুর্গ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় দলটি।

গত এক সপ্তাহ ধরে দলের সর্বস্তরের নেতাকর্মীরা মাঠে নামায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে প্রবল হাওয়া বইছে। দিন যত ঘনিয়ে আসছে, ততই ভারী হচ্ছে বিএনপির পাল্লা।

ঐক্যের ডাক ২১ জানুয়ারির সংবাদ সম্মেলনে:

দলের বিভেদ ঘোচাতে গত ২১ জানুয়ারি সিলেটের একটি অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও এই আসনের প্রার্থী এমরান আহমদ চৌধুরী। সেখানে মনোনয়ন দৌড়ে থাকা ফয়ছল আহমদ চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, চিত্রনায়ক হেলাল খান, সাবিনা খান পপি ও সৈয়দা আদিবা হোসেনসহ সব দায়িত্বশীল নেতা শেষ পর্যন্ত ধানের শীষের প্রার্থীর পক্ষে থাকার অঙ্গীকার করেন।

ফয়ছল চৌধুরীর সরব প্রচারণা:

বুধবার গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নে এক নির্বাচনি সভায় ফয়ছল আহমদ চৌধুরী বলেন, “মনোনয়ন না পাওয়ায় কিছুটা কষ্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু ধানের শীষ ও তারেক রহমানের প্রশ্নে কোনো আপস নেই। ছাত্রদল থেকে এমরান ও আমি একসঙ্গে রাজনীতি করেছি। আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ।”

এমরান চৌধুরীর হুশিয়ারি:

সিলেট-৬ আসনের প্রার্থী এমরান আহমদ চৌধুরী বলেন, “বিএনপিতে এখন কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। একটি মহল ষড়যন্ত্র করে সুবিধা নিতে চেয়েছিল, কিন্তু তারা সফল হবে না। জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির প্রতিটি নেতাকর্মী এখন রাতদিন পরিশ্রম করছেন। অতীতে এই অঞ্চলে যা উন্নয়ন হয়েছে তা বিএনপি ও প্রয়াত সাইফুর রহমানের আমলেই হয়েছে।”

বিয়ানীবাজারেও কেটেছে দূরত্ব:

বিয়ানীবাজার উপজেলায় বিএনপির বর্তমান ও সাবেক কমিটির মধ্যে দীর্ঘ কয়েক বছরের দূরত্বও এখন ঘুচেছে। জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন জানিয়েছেন, বড় দলে মতপার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু দলের বৃহত্তর স্বার্থে তাঁরা এখন একই মঞ্চে কাজ করছেন। উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজাও জানিয়েছেন, শহীদ জিয়ার সৈনিকেরা ধানের শীষকে বিজয়ী করতে জীবন বাজি রেখে মাঠে আছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দলটির স্থানীয় শীর্ষ নেতৃত্ব।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad