জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
Led Bottom Ad

জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: সিলেটে ডা. শফিকুর রহমান

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/০২/২০২৬ ১৮:১৬:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি জামায়াতের বিজয় চান না, চান দেশের ১৮ কোটি মানুষের বিজয়। দীর্ঘদিন যারা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, তাদের মুক্তিই তার রাজনীতির লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।


আজ শনিবার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। এর আগে তিনি মৌলভীবাজারের কুলাউড়া ও হবিগঞ্জ শহরে পৃথক সমাবেশে বক্তব্য দেন।


সমাবেশের শুরুতে সিলেটি ভাষায় উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। বক্তব্যে প্রতিপক্ষের অপপ্রচারের সমালোচনা করে তিনি বলেন, আধুনিক বিশ্বে মিসাইল নিক্ষেপ করলে যেমন অ্যান্টি-মিসাইলের মুখে পড়তে হয়, তেমনি তার বক্তব্যও ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি বলেন, ‘আমি আমার মা-বোনদের ইজ্জতের পক্ষে দাঁড়িয়েছি, আর সেটাকেই প্রতিপক্ষ বানানো হয়েছে।’


ডা. শফিকুর রহমান দাবি করেন, ৫ আগস্টের পর জামায়াত কোনো নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেনি। অতীতে তাদের বিরুদ্ধে লাখ লাখ মামলা হলেও প্রতিশোধের পথে তারা হাঁটেননি বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা বলেছিলাম, জালিমের বিরুদ্ধে প্রতিশোধ নেব না। আমাদের কর্মীরা সেই কথা রেখেছে।’


ক্ষমতায় গেলে সিলেটের ন্যায্য হিস্যা আদায় করা হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, সিলেটবাসী বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত। প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহার হচ্ছে না, নদী দখল হয়ে যাচ্ছে। চাঁদাবাজি বন্ধ করা গেলে দেশ একটি রোল মডেলে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আমাদের একটি সুযোগ দিন, পাঁচ বছরে দেশ বদলে দেব।’


বক্তব্যে সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তর, প্রবাসে কোনো রেমিট্যান্স যোদ্ধা মারা গেলে রাষ্ট্রীয় দায়িত্বে তার লাশ দেশে আনার প্রতিশ্রুতি দেন ডা. শফিকুর রহমান। প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গেও কথা বলেন তিনি।


সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং প্রতীকভিত্তিক স্লোগান দেওয়া হয়। তবে সুনামগঞ্জ-২ আসনের প্রার্থী শিশির মনির সমাবেশে উপস্থিত ছিলেন না।


সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং নায়েবে আমির নুরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, খেলাফত মজলিসের নায়েবে আমির রেজাউল করিম জালালীসহ বিভিন্ন দলের ও সংগঠনের নেতারা।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad