সিলেট-১: জামায়াত প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ বিএনপির
সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে হলফনামায় ঋণ ও সম্পদের তথ্য গোপন করার গুরুতর অভিযোগ তুলেছে বিএনপি। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনি এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী দাবি করেন, মাওলানা হাবিবুর রহমান ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক এবং আল কারামা মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডের শেয়ারহোল্ডার। কিন্তু নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি এই তথ্য উল্লেখ করেননি। এছাড়া ইবনে সিনা হাসপাতালের ২৪ কোটি টাকার অনাদায়ি ঋণ এবং শাহজালাল ইসলামী ব্যাংকসহ তিনটি ব্যাংকে তাঁর বড় অঙ্কের ব্যক্তিগত ঋণের তথ্যও গোপন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিএনপি নেতারা একে ‘নির্বাচনী আইনের চরম লঙ্ঘন’ আখ্যা দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে কয়েস লোদী আবেগপ্রবণ হয়ে বলেন, “আমরা জামায়াতে ইসলামীর সঙ্গে দীর্ঘকাল রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি, একসাথে জেল খেটেছি। এই ক্রান্তিলগ্নে ব্যক্তিগত আক্রমণ আমাদের কাম্য নয়। কিন্তু স্বচ্ছ রাজনীতি ও ভোটারদের অধিকার রক্ষায় সত্য প্রকাশ করা জরুরি।”
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষ নতুন আশার স্বপ্ন দেখছে। এমন সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হলফনামায় অসত্য তথ্য প্রদান আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য ক্ষতিকর।
সিলেট মহানগর বিএনপির প্রধান নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
এ রহমান
মন্তব্য করুন: