‘নির্বাচিত হলে পাথরকোয়ারি খুলে দেব, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করব’
Led Bottom Ad

নির্বাচনী জনসভায় জয়নাল আবেদীন

‘নির্বাচিত হলে পাথরকোয়ারি খুলে দেব, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করব’

প্রথম ডেস্ক

০৯/০২/২০২৬ ২১:৫৬:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জে নির্বাচনী জনসভায় সিলেট–৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. জয়নাল আবেদীন বলেছেন, নির্বাচিত হলে পাথরকোয়ারি খুলে দেওয়া হবে এবং চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা হবে।


আজ সোমবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পাথরকোয়ারি বন্ধ থাকায় এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্বাচিত হলে এই সমস্যার সমাধান করা হবে।


ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ১২ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার মাধ্যমে বিজয় নিশ্চিত করতে হবে। প্রতিপক্ষের হুমকি ও ভয়ভীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এসব হুমকিতে তাঁরা ভীত নন।


উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে জয়নাল আবেদীন বলেন, নির্বাচিত হলে কোম্পানীগঞ্জে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন, হাসপাতাল নির্মাণ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা এবং একটি শিল্পাঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। তিনি ২০২২ সালের বন্যার সময় এলাকাবাসীর পাশে থাকার কথা স্মরণ করে বলেন, দুর্নীতি নিজে করবেন না এবং কাউকেও করতে দেবেন না। পাশাপাশি সাধারণ মানুষের ন্যায্য অধিকার হিসেবে গ্যাস সংযোগ নিশ্চিত করার কথাও জানান তিনি।


উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মাস্টার শফিকুল ইসলামের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ, খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি হাফিজ মাসুম আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।


জনসভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি ভোটারদের ১২ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad