পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ
Led Bottom Ad

পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ

ঢাকা অফিস

১০/০২/২০২৬ ১৬:৪৩:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে দায়িত্ব ছেড়ে যাচ্ছেন না, বরং নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রেখে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে আরও কিছুদিন দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, “আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যাতে নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজাতে পারে।” তিনি স্পষ্ট করে জানান, এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি। নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করে যাবেন।

পদত্যাগের সিদ্ধান্তের ব্যাখ্যায় ড. নিয়াজ আহমদ খান রাজনৈতিক শিষ্টাচার ও প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ের মতো একটি জাতীয় প্রতিষ্ঠানে নতুন সরকারের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেয়া রাজনৈতিক শিষ্টাচারের অংশ। নির্বাচন পরবর্তী সময়ে হঠাৎ করে পদত্যাগ করলে সেটি ভুল বার্তা দিতে পারে।”

ড. নিয়াজ আহমদ খান জানান, তিনি তার মূল পেশা শিক্ষকতায় ফিরে যেতে আগ্রহী। তবে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রয়োজনে সহযোগিতামূলক ভূমিকা রাখতে প্রস্তুত থাকবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। এর পরবর্তী সময়ে ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad