সিলেটে নির্বাচনের দিন বন্ধ থাকবে দোকানপাট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিলেটে দুইদিন দোকানপাট বন্ধ থাকার গুজব ছড়িয়ে পড়েছে। তবে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ স্পষ্টভাবে জানিয়েছে, কেবল নির্বাচনের দিন অর্থাৎ বৃহস্পতিবার দোকানপাট বন্ধ থাকবে। দুদিন দোকান বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব আব্দুর রহমান রিপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “কে বা কারা দুদিন দোকান বন্ধের প্রচারণা চালিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।”
আব্দুর রহমান রিপন আরও জানান, দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অঞ্চলভিত্তিক সমিতির সদস্যরা নিজেদের সুবিধা অনুযায়ী দোকান খোলা বা বন্ধ রাখতে পারেন। তবে জেলা শাখা নির্বাচনের দিন সিলেটের সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে সরকারি সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যবসায়ী ও সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
এ রহমান
মন্তব্য করুন: