হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
সিলেট-৬ আসনে ত্রিমুখী লড়াইয়ে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী
আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে জমজমাট ও ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপির এমরান আহমদ চৌধুরী, জামায়াতে ইসলামীর সেলিম উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী মাওলানা ফখরুল ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে স্থানীয় ভোটাররা বিশ্লেষণ করছেন।
আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেওয়ায় তাদের কর্মী-সমর্থকদের ভোট এবার ‘সুইং ভোট’ হিসেবে গণ্য হচ্ছে। এই ভোটব্যাংক নিজেদের পক্ষে টানার ওপর নির্ভর করছে প্রার্থীদের বিজয়।
প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপির এমরান আহমদ চৌধুরী এবং দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের সেলিম উদ্দিন। স্বতন্ত্র প্রার্থী হেলিকপ্টার প্রতীকে মাওলানা ফখরুল ইসলাম তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। অন্যান্য প্রার্থী গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান (ট্রাক) এবং জাতীয় পার্টির আব্দুন নূর (লাঙ্গল) লড়াইয়ে থাকলেও তাদের অবস্থান কিছুটা দুর্বল।
সিলেট-৬ আসনে কেন্দ্রভিত্তিক ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজারেরও বেশি এবং পোস্টাল ব্যালট ভোটার ৯ হাজার ৪৯০ জন। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৯১ জন। বিয়ানীবাজার উপজেলায় ২ লাখ ১৭ হাজার ভোটার। গোলাপগঞ্জ উপজেলায় ২ লাখ ৮২ হাজার ভোটার।
প্রার্থীরা সনাতন ধর্মাবলম্বী ভোটারদের আকৃষ্ট করতে মতবিনিময় সভা করছেন এবং চা শ্রমিকদের ভোট পেতেও চেষ্টা চালাচ্ছেন। বিএনপি ও জামায়াত প্রার্থীরা আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের পুলিশি হয়রানির বিষয়টি তুলে ধরে তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। সব মিলিয়ে সিলেট-৬ আসনের মাঠ এখন পুরোপুরি নির্বাচনী উত্তাপে সরগরম।
এ রহমান
মন্তব্য করুন: