সিলেটে বাসা থেকে বিপুল পরিমাণ লাঠিসোঁটা উদ্ধার
সিলেট নগরীর সুবহানীঘাট এলাকার মৌবন আবাসিক এলাকার একটি বাসা থেকে সংঘর্ষে ব্যবহারের উপযোগী বিপুল পরিমাণ লাঠিসোঁটা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বাসা থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করে। তিনি বলেন, শুধু ওই এলাকাতেই নয়, নগরের বিভিন্ন স্থানে এমন সরঞ্জাম থাকার তথ্য পাওয়া গেলে সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে অথবা থানায় নিয়ে আসা হচ্ছে।
পুলিশ জানায়, উদ্ধার করা সামগ্রীর মধ্যে লাঠিসোঁটা ও সংঘর্ষে ব্যবহারের উপযোগী অন্যান্য উপকরণ রয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, এ ধরনের ঘটনায় জনমনে অস্বস্তি তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, প্রতিপক্ষ প্রার্থী নির্বাচন বানচাল করতে কর্মী-সমর্থকদের দিয়ে এমন প্রস্তুতি নিতে পারেন। তিনি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান।
ডি আর ডি
মন্তব্য করুন: