গণভোট ও সংসদ নির্বাচনের মহাযজ্ঞ
সিলেট বিভাগজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সিলেট বিভাগজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। আকাশে ড্রোন টহল আর মাটিতে বিস্ফোরক শনাক্তকারী ডগ স্কোয়াডের উপস্থিতিতে পুরো বিভাগকে নিশ্ছিদ্র নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে।
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের চার জেলায় মোট ২ হাজার ৮৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ১ হাজার ১২৬টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বিপুল সংখ্যক কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ঢেলে সাজানো হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছক।
বিভাগের ১৯টি সংসদীয় আসনে অর্ধেকেরও বেশি কেন্দ্রকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ ৪৫১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। দুর্গম হাওরাঞ্চলের ১৫৭টি কেন্দ্রে মালামাল পৌঁছানো ও যাতায়াত চ্যালেঞ্জিং হওয়ায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট জেলায় ১ হাজার ১৬টি কেন্দ্রের মধ্যে ২১৭টি ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সিলেট মহানগরীর ২৯৪টি কেন্দ্রের মধ্যে ৯৫টি কেন্দ্রকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে এসএমপি। এছাড়া হবিগঞ্জে ২৩৫টি এবং মৌলভীবাজারে ২২৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে।
এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যবহার আলোচনার কেন্দ্রে রয়েছে। প্রথমবারের মতো পুলিশ সদস্যদের শরীরে থাকছে ‘বডি-ওর্ন ক্যামেরা’। কন্ট্রোল রুম থেকে সরাসরি প্রতিটি কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এছাড়া স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবির আধুনিক ড্রোন সার্বক্ষণিক টহল দেবে।
নির্বাচনের দিন শান্তি বজায় রাখতে মাঠ পর্যায়ে মোতায়েন থাকছে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। সাধারণ কেন্দ্রে ২ জন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৩-৪ জন পুলিশ ও ১৫ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রতিটি উপজেলায় বিজিবি ও সেনাবাহিনীর টহল দল সক্রিয় থাকবে। বিশেষ প্রয়োজনে দুর্গম এলাকায় হেলিকপ্টার সহায়তা নেওয়ার পরিকল্পনাও রয়েছে প্রশাসনের।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “নগরীর ২৯৪টি ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আমাদের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে।”
বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তারা ভোটারদের আশ্বস্ত করে বলেছেন, কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
এ রহমান
মন্তব্য করুন: