সিলেটে ভোট কেন্দ্রে বাড়ছে ভোটারের উপস্থিতি
সারাদেশের সঙ্গে সিলেটেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনকে ঘিরে জেলা প্রশাসন ও নির্বাচন–সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে দেখা গেছে। কয়েকটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পেরে অনেক ভোটার উচ্ছ্বাস প্রকাশ করেন।
সকাল সাড়ে ৯টায় নগরের সারদা হল ভোটকেন্দ্রে ভোট দেন সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি ভোটের পরিবেশ ও ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, মানুষ নতুন বাংলাদেশের প্রত্যাশায় ভোট দিচ্ছেন।
এর আগে সকাল ৮টায় শিবগঞ্জ স্কলার্স হোম শাখা কেন্দ্রে ভোট দেন জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। ভোটারদের সমর্থনেই বিজয় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী এমরান আহমেদ চৌধুরী এবং সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী নিজ নিজ কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পর তাঁরা প্রত্যেকেই নিজেদের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
তাহির আহমদ
মন্তব্য করুন: