জৈন্তায় জামায়াত নেতার বাড়িতে দাওয়াতে গিয়ে আটক পোলিং কর্মকর্তা
Led Bottom Ad

টাকা বিতরণকালে ধরা খেলেন আরও একজন

জৈন্তায় জামায়াত নেতার বাড়িতে দাওয়াতে গিয়ে আটক পোলিং কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১২/০২/২০২৬ ১২:৩৩:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে জামায়াত নেতার বাড়িতে দাওয়াতে গিয়ে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতা–কর্মীদের হাতে আটক হয়েছেন এক পোলিং কর্মকর্তা। পরে তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে উপজেলা প্রশাসন।


বুধবার গভীর রাত পৌনে ১টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের বিতরিকেল পূর্ব গ্রামের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি নূর উদ্দিনের বাড়ি থেকে আনোয়ার হোসেন নামের ওই কর্মকর্তাকে পুলিশ আটক করে। তিনি চারিকাটা ইউনিয়নের বিতরিকেল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আনোয়ার হোসেন বাগলা ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক।


সিলেট জেলা তাঁতীদলের সদস্যসচিব আলতাফ হোসেন বিলাল অভিযোগ করেন, আনোয়ার হোসেন জামায়াত নেতা নূর উদ্দিনের বাড়িতে গোপন বৈঠক ও দাওয়াতে অংশ নিতে গিয়ে স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা–কর্মীদের হাতে ধরা পড়েন। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।


স্থানীয় বাসিন্দা শাহাব উদ্দিন শিহাব বলেন, জামায়াত নেতার বাড়িতে বৈঠকের সময় পোলিং কর্মকর্তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।


জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা বলেন, একজনের বাড়িতে দাওয়াতে গিয়ে স্থানীয়দের কাছে আটক হওয়ায় আনোয়ার হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।


এদিকে একই উপজেলার চিকনাগুল ইউনিয়নে জামায়াত প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগে উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি ও স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামকে স্থানীয় বাসিন্দারা আটক করেছেন। ইউএনও জানান, ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট ও পুলিশ পাঠানো হয়েছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad