মন্ত্রীসভায় সিলেট থেকে টেকনোক্র্যাটসহ আলোচনায় ৭ জন
Led Bottom Ad

মন্ত্রীসভায় সিলেট থেকে টেকনোক্র্যাটসহ আলোচনায় ৭ জন

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০২/২০২৬ ১৭:১৪:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী সোম বা মঙ্গলবারের মধ্যেই নতুন সরকারের শপথ হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে দলীয় ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।


সিলেট বিভাগ থেকে এবার মন্ত্রীসভায় অন্তত ৭ থেকে ৮ জন স্থান পেতে পারেন—এমন ধারণা স্থানীয় রাজনৈতিক মহলে। এর মধ্যে টেকনোক্র্যাট কোটায় দুজনের অন্তর্ভুক্তির সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।


যাঁদের নিয়ে আলোচনা

দলীয় সূত্র ও সংশ্লিষ্ট একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, যাঁদের নাম আলোচনায় রয়েছে, তাঁরা হলেন—ড. এনামুল হক চৌধুরী—চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। হুমায়ুন কবির—তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

খন্দকার আব্দুল মুক্তাদির—সিলেট-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। আরিফুল হক চৌধুরী—সিলেট-৪ আসনের সংসদ সদস্য। রেজা কিবরিয়া—হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য। কলিম উদ্দিন আহমদ মিলন—সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য। তাহমিনা রুশদীর লুনা—সিলেট-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও সিলেট বিভাগের একমাত্র নারী এমপি।


এ ছাড়া বিএনপি জোটের হয়ে সিলেট-৫ আসনে নির্বাচন করা মাওলানা উবায়দুল্লাহ ফারুকের নামও ধর্মমন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে আলোচনায় রয়েছে।


সম্ভাব্য দায়িত্ব বণ্টন

দলীয় হাইকমান্ডের আলোচনায় সম্ভাব্য দায়িত্ব বণ্টন নিয়েও নানা গুঞ্জন রয়েছে। সূত্র বলছে—খন্দকার আব্দুল মুক্তাদিরকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রীর মর্যাদা) হিসেবে ড. এনামুল হক চৌধুরী। আরিফুল হক চৌধুরীকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী,রেজা কিবরিয়াকে পরিকল্পনা প্রতিমন্ত্রী, হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে বিবেচনা করা হচ্ছে।


তবে এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।


অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়

দলীয় সূত্র জানায়, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, প্রশাসনে গতি আনা এবং নীতিনির্ধারণে নতুন ভাবনার প্রতিফলন ঘটাতে এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের পাশাপাশি নতুন মুখকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের অনেকেই ঢাকায় অবস্থান করছেন।


চূড়ান্ত মন্ত্রীসভার তালিকা প্রকাশের পরই স্পষ্ট হবে, সিলেট থেকে কারা জায়গা পাচ্ছেন নতুন সরকারের মন্ত্রিসভায়।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad