খাবারের মান নিয়ে তর্ক
জকিগঞ্জে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন
সিলেটের জকিগঞ্জে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের কাঠের লাঠির আঘাতে ছোট ভাই খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। উপজেলার বারহাল ইউনিয়নের মনতৈল গ্রামে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম কামিল আহমদ (২৫) এবং অভিযুক্ত বড় ভাই হলেন জাকির আহমদ (২৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাতের খাবারের সময় কামিল আহমদের সাথে তার বড় ভাই জাকির আহমদের স্ত্রীর খাবারের মান নিয়ে তর্ক বাধে। এক পর্যায়ে জাকির আহমদ স্ত্রীর পক্ষ নিয়ে উত্তেজিত হয়ে ওঠেন এবং কাঠের চেলি (লাঠি) দিয়ে কামিল আহমদের মাথায় সজোরে আঘাত করেন। আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই কামিলের মৃত্যু হয়।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অভিযুক্ত বড় ভাই জাকির আহমদকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে জাকির আহমদকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: