জকিগঞ্জে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার
সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে ১৫টি পাওয়ার জেল (উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক) এবং ১৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে যৌথবাহিনী।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি ও র্যাব-৯ এর যৌথ অভিযানে রবিবার দিবাগত রাতে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের রায়গঞ্জ এলাকার আটগ্রাম পেট্রোবাংলা পয়েন্টের যাত্রী ছাউনির পেছন থেকে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় এই বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটরগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে বিজিবি ও র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিস্ফোরকগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: