সিকৃবিতে বিএনপিপন্থি শিক্ষকদের নতুন সংগঠন 'সোনালি দল'-এর আত্মপ্রকাশ
Led Bottom Ad

সিকৃবিতে বিএনপিপন্থি শিক্ষকদের নতুন সংগঠন 'সোনালি দল'-এর আত্মপ্রকাশ

প্রথম সিলেট প্রতিবেদন

১৮/০২/২০২৬ ১৩:০৬:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিএনপিপন্থি শিক্ষকদের মধ্যে বিদ্যমান বিভক্তির জেরে 'সাদা দল' থেকে বেরিয়ে 'সোনালি দল' নামে নতুন এক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত সোনালি দলের নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা। সভাপতি প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মাছুদুর রহমান, সহ-সভাপতি প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো: রাশেদ আল মামুন এবং প্রচার সম্পাদক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার।

সোনালি দলের নেতৃবৃন্দ অভিযোগ করেন, সাদা দলের একাংশ 'মব' সৃষ্টির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সাদা দলের নামধারী শিক্ষকদের দ্বারা সৃষ্ট পরিস্থিতিতে উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, প্রক্টর এবং হল প্রভোস্টসহ নিরাপত্তা কর্মীরা আহত হয়েছেন, যার তীব্র নিন্দা জানিয়েছে সোনালি দল। তাদের দাবি, সাদা দলের বর্তমান কমিটি অগণতান্ত্রিকভাবে গঠন করা হয়েছে। গত ডিসেম্বরে মেয়াদ শেষ হলেও বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন কমিটির নির্বাচন না দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করাকে নিন্দনীয় উল্লেখ করে তারা জানান, গবেষণাবান্ধব ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সোনালি দলের গঠন সময়ের দাবি ছিল।

বর্তমানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি শিক্ষকরা দুই ভাগে বিভক্ত—একদিকে সাদা দল (উপাচার্য বিরোধী অংশ) এবং অন্যদিকে নবগঠিত সোনালি দল (উপাচার্য ও প্রশাসনিক কর্মকর্তাদের একাংশ)। এই নতুন সংগঠনের আত্মপ্রকাশের ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও রাজনৈতিক মেরুকরণে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা দেখা দিয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad