স্বস্তির প্রত্যাশায় প্রস্তুতি ও বাজার তদারকি
পবিত্র রমজানের অপেক্ষায় সিলেট
পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে আধ্যাত্মিক আবহ ও প্রস্তুতির আমেজে সেজেছে সিলেট। নগরের মসজিদগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আলোকসজ্জার পাশাপাশি তারাবিহর বিশেষ আয়োজন সম্পন্ন হয়েছে। অন্যদিকে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।
সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার সংলগ্ন মসজিদসহ নগরের বড় মসজিদগুলোতে মুসল্লিদের সুবিধার্থে অতিরিক্ত জায়নামাজ, বিশুদ্ধ পানি ও উন্নত সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। আম্বরখানার বাসিন্দা লুৎফুর রহমান বলেন, "রমজান মানেই শান্তির সময়। সরকার যদি বাজারদর ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ঠিক রাখতে পারে, তবেই সাধারণ মানুষ স্বস্তিতে রোজা পালন করতে পারবে।"
রমজান শুরুর আগেই খেজুর, লেবু ও অন্যান্য নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় সাধারণ মানুষের মনে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট জেলা প্রশাসন নগরের জন্য ৫টি বিশেষ মনিটরিং টিম গঠন করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন জানান, এডিসিদের নিয়ন্ত্রণে থাকা এই টিমগুলো নিয়মিত বাজার পর্যবেক্ষণ করবে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, ইফতারে খাবারে ক্ষতিকর রঙ ও পোড়া তেল ব্যবহারের বিরুদ্ধে কড়াকাড়ি আরোপ করা হয়েছে।
বিভাগীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির জানিয়েছেন, ইফতার ও তারাবিহর সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নজর দেওয়া হবে। একই সাথে পানি ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার প্রস্তুতি রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) জানিয়েছে, রমজানে যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় ও মসজিদে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে।
রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে বিভিন্ন সামাজিক সংগঠন। নজর কেড়েছে '৪ টেখায় ইফতার' কর্মসূচি। উদ্যোক্তা নাজিব আহমদ অপু জানান, বিগত ৫ বছরের মতো এবারও তারা দিনমজুর ও অসহায়দের জন্য এই প্রতীকী মূল্যে ইফতার বিতরণের আয়োজন করবেন।
এ রহমান
মন্তব্য করুন: