তথ্য না দেওয়ায় সিলেটের ডিসিকে আদালতের শোকজ
Led Bottom Ad

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তাজ উদ্দিন হত্যা মামলা

তথ্য না দেওয়ায় সিলেটের ডিসিকে আদালতের শোকজ

প্রথম সিলেট প্রতিবেদন

১৯/০২/২০২৬ ১৪:৩৯:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাজ উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলি করার আদেশ দিয়েছিলেন, সেই তথ্য তদন্তকারী কর্মকর্তাকে সরবরাহ না করায় সিলেটের জেলা প্রশাসককে (ডিসি) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন আদালত। সিলেটের আমলি আদালত নম্বর-২-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার ৮ ফেব্রুয়ারি এ আদেশ প্রদান করেন, যা বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমের কাছে প্রকাশ পায়।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে গোলাপগঞ্জের ধারাবহর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তাজ উদ্দিন নিহত হন। এ ঘটনায় তাঁর স্ত্রী রুলী বেগম গোলাপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পিবিআই তদন্ত করছে। তদন্তকারী কর্মকর্তা পিবিআই সিলেটের পরিদর্শক নূর মোহাম্মদ গত বছর ২২ এপ্রিল জেলা প্রশাসক এবং বিজিবির শ্রীমঙ্গলের সেক্টর সদর দপ্তরের উপমহাপরিচালকের কাছে মামলার তদন্তের স্বার্থে সুনির্দিষ্ট তথ্য চেয়ে আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে গত বছর ১৫ জুন আদালত ১৫ দিনের মধ্যে তথ্য সরবরাহের নির্দেশ দেন। বিজিবি তথ্য সরবরাহ করলেও জেলা প্রশাসন জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে গোলাপগঞ্জের সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তকারী কর্মকর্তার চাহিত তথ্য প্রেরণে নির্দেশ দেওয়া হলেও পরে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আদালত থেকে কয়েক দফা তথ্য চাওয়ার পরও না পাওয়ায় মামলার তদন্তকাজ বিলম্বিত হচ্ছে এবং বিচারকাজ শুরু করা যাচ্ছে না। আদালত তাঁর আদেশে উল্লেখ করেন, চাহিত তথ্য সরবরাহ না করা সরাসরি আদালত অবমাননার শামিল। কেন জেলা প্রশাসকের বিরুদ্ধে আইনগত বা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা ১৫ দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে শোকজের জবাব না দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad