বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে বিশেষ নজরদারি রাখা হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধসহ তাদের সকল সমস্যা সমাধানে সরকার দ্রুত উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন নবনিযুক্ত শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো নিজ এলাকা সিলেটে পৌঁছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।
দায়িত্ব গ্রহণের পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার বিষয়গুলো চিহ্নিত করার চেষ্টা করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, বিদেশগমনচ্ছুরা যেন কোনো ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি প্রবাসীদের সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন।
সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক বলেন, "আমার প্রতি মানুষের যে আশা, যে ওয়াদা আমরা করেছি, তা যেন পূরণ করতে পারি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি সিলেটের জনগণের জন্য কাজ করে যাবো।"
পাঁচ বছরের সময় দ্রুতই চলে যাবে উল্লেখ করে তিনি বলেন, "এখন থেকেই কাজ শুরু করতে হবে।" প্রথম রমজানে সিলেটে এসে তিনি হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেন এবং দিনটি মায়ের সাথে কাটানোর কথা জানান। এর আগে বিমানবন্দরে প্রশাসন ও বিপুল সংখ্যক নেতাকর্মী তাঁকে স্বাগত জানান।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি মন্ত্রিসভায় স্থান পান।
এ রহমান
মন্তব্য করুন: