শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন মন্ত্রী আব্দুল মুক্তাদির ও আরিফুল হক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবগঠিত মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ সদস্য—বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট সফরে এসে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুমা দরগাহ মসজিদে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক বিশেষ শোকরানা দোয়া মাহফিলে অংশগ্রহণের পর তাঁরা এই জিয়ারত সম্পন্ন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারে সিলেটের এই দুই কৃতি সন্তান পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তাঁদের প্রথম আনুষ্ঠানিক সিলেট সফর।
মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "সিলেটের পবিত্র মাটি থেকে আমরা যে দোয়া ও ভালোবাসা পেয়েছি, তার ঋণ শোধ করার দায়িত্ব এখন আমাদের। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
একই সময়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "কাউন্সিলর থেকে মেয়র এবং আজ মন্ত্রী হিসেবে আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। এটি কেবল আমার একার নয়, পুরো সিলেটবাসীর সম্মান।"
তাঁরা উভয়েই মাজার প্রাঙ্গণে উপস্থিত বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: