ওসমানীনগরে ৬ষ্ট বারের মতো সেরা ‘পরিদর্শিকা সম্পা ঘোষ
৬ষ্ট বারের মতো উপজেলা পর্য্যায়ে ‘শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা’ নির্বাচিত হয়েছেন সম্পা রানী ঘোষ। তিনি উপজেলার উমরপুর ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা। নিরাপদ মাতৃত্ব, পরিবার পরিকল্পনা সচেতনতা এবং জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি এবারও উপজেলা পর্যায়ে সেরা হিসেবে মনোনীত হয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে সোমবার (১৪ জুলাই) ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, সম্পা রানী ঘোষ এর আগেও ৫ বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন। তাঁর নিরলস পরিশ্রম, মা ও নবজাতকের স্বাস্থ্য নিয়ে মাঠপর্যায়ের কার্যক্রম এবং নারী স্বাস্থ্য বিষয়ে উদ্ভাবনী উদ্যোগ ও প্রশিক্ষণমূলক কাজ তাঁকে জনপ্রিয় করে তুলেছে— বিশেষ করে উমরপুর ইউনিয়নের সাধারণ জনগণের কাছে তিনি একজন নির্ভরযোগ্য স্বাস্থ্যকর্মী হিসেবে পরিচিতি পেয়েছেন।
উমরপুর ইউনিয়ন পরিষদও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় উমরপুর ইউনিয়ন পরিষদ-কেও এবার শ্রেষ্ঠ ইউনিয়নের সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে ‘সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের হাতে সম্মাননা ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডা. অনন্যা জাহান মুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসক রাজিব চক্রবর্তী। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাগ্নুণী ভট্টাচার্য্য।
সভায় বক্তারা বলেন, এ ধরনের সম্মাননা শুধু একজন কর্মীর প্রাপ্যতা নয়, বরং একটি সমাজের প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থার প্রতি আস্থা ও নির্ভরতার প্রতিফলন। সম্পা রানী ঘোষের এই অবদান স্বাস্থ্যসচেতন ও সুসংগঠিত সমাজ গঠনে অনুপ্রেরণা হয়ে থাকবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: