‘কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না’
Led Bottom Ad

জকিগঞ্জে নবনির্বাচিত এমপি আবুল হাসানের হুঁশিয়ারি

‘কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না’

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২২/০২/২০২৬ ১৪:৪৯:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মুফতি আবুল হাসান প্রশাসনের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘যেকোনো দলের লোক হোক না কেন, কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি সাফ জানিয়ে দেন, উপজেলার কোনো সরকারি অফিসে দুর্নীতি বা সাধারণ মানুষকে হয়রানি করার সুযোগ নেই এবং সরকারি দপ্তরে দালালচক্রের উপস্থিতি কোনোভাবেই বরদাশত করা হবে না। একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রশাসনের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন প্রসঙ্গে এমপি আবুল হাসান মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের নির্দেশ দেন এবং চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক জুলহাস সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে শুরু হওয়া এই সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গঠনে নবনির্বাচিত সংসদ সদস্যের দেওয়া দিকনির্দেশনা বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad